একটা ছোট শহর
ছোট্ট একটা শহর সহজে বদলায় না। সু ভবিষ্যৎ, ভালো চাকরি, ভালো সুযোগ, উচ্চশিক্ষা ও উচ্চমানের জীবনযাত্রার স্বপ্ন দেখতে দেখতেই আমরা এই ছোট্ট শহরগুলোতে বেড়ে উঠি। যাঁদের সঙ্গে আমাদের এই বেড়ে ওঠা তাঁরা অবশ্য এই শহরেই রয়ে যান, নিজের ঘরের শহরের রক্ষাকর্তা হিসাবে। যতবারই আমি বাড়ি ফিরি, ততবারই নতুন নতুন অভিজ্ঞতা হয়। তবে অভিজ্ঞতা যতই নতুন হোক না কেন অভিজ্ঞতাগুলো কোথাও যেন একসূত্রে গাঁথা। বাজারে দেখতে পাওয়া মুখগুলো আর এক থাকে না। বৃদ্ধ বাবা-মায়ের পাকাচুলের সংখ্যাটাও আরও একটু বেড়ে গিয়েছে, চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে, হাঁটুর জোর কমেছে। তাই সিঁড়ি ভাঙা রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছে। মুখে বয়সের রেখা আর বলিরেখাগুলো আরও গভীর হয়েছে -- বোঝাই যাচ্ছে যে তাঁদের বয়স আরও বেড়েছে। কোথাও যেন একটা মৃত্যুর ঘ্রাণ পাওয়া : সপ্তাহ আগেই আমি বাড়ি গিয়েছিলাম, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। আমার মা-বাবা একটি নতুন বাড়িতে উঠেছেন আর আমি তাঁদের সাহায্য করতে বাড়ি গিয়েছিলাম। এই গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে শহরের অধিকাংশ বাসিন্দাকে নিমন্ত্রণ করা ...